কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একমাত্র সর্বগ্রাসী বিদ্রোহী ও সাম্যবাদী কবি। ব্রিটিশ সাম্রাজ্যবাদের শৃঙ্খল মোচনে তাঁর কবিতা ও গান ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কাছে ছিল সাক্ষাৎ বারুদের মতো। অগ্নি-বীণা, বিষের বাঁশী, ভাঙার গান, প্রলয়োল্লাস, সর্বহারা ইত্যাদি কাব্যগ্রন্থ পরাধীন জাতির অন্তরে স্বাধীনতা ও বিপ্লবের বহ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিল। তাঁর লেখনীর ভয়ে ব্রিটিশ সরকার বারবার তাঁর গ্রন্থ বাজেয়াপ্ত করেছে এবং কবিকে আলিপুর ও হুগলি জেলে কারারুদ্ধ করেছে।
১৯২১ সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সমর্থনে যখন প্রিন্স অব ওয়েলসের ভারত আগমন বর্জনের ডাক দেওয়া হয়, তখন কলকাতায় ব্রিটিশ পুলিশ হাজার হাজার দেশপ্রেমিককে গ্রেপ্তার করে। স্বয়ং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং মৌলানা আবুল কালাম আজাদ কারারুদ্ধ হন। দেশবন্ধুর পত্নী বাসন্তী দেবী যুবসমাজকে জাগানোর জন্য নজরুলকে একটি রণসঙ্গীত রচনার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে নজরুল এক রাতেই রচনা করেন এই কালজয়ী গান।
১৯২৪ সালের আগস্ট মাসে গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার পর গানটির বিপ্লবী আবেদন দেখে আতঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার ১৯২৪ সালের নভেম্বরেই আইন প্রয়োগ করে 'ভাঙার গান' গ্রন্থটি বাজেয়াপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করে।