ভারতে চলচ্চিত্র নির্মাণের আদি রূপকার ছিলেন হীরালাল সেন (১৮৬৬–১৯১৭)। ১৮৯৮ সালে তিনি ভাই মতিলাল সেনের সহযোগিতায় কলকাতায় প্রতিষ্ঠা করেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি (Royal Bioscope Company)। ১৯০১ থেকে ১৯০৪ সালের মধ্যে অমরেন্দ্রনাথ দত্তের ক্ল্যাসিক থিয়েটারে মঞ্চস্থ ‘আলিবাবা’, ‘হরিরাজ’, ‘বুদ্ধদেব’, ‘সীতারাম’ এবং ‘ভ্রমর’ নাটকের প্রধান দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করে তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র প্রদর্শনীর সূচনা করেন।
হীরালাল সেনই ভারতে প্রথম রাজনৈতিক নিউজ়রিল বা তথ্যচিত্র নির্মাণ করেন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলনের সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক বক্তৃতা এবং কলকাতার রাজপথে আয়োজিত বিশাল রাজনৈতিক সমাবেশ তিনি ক্যামেরাবন্দি করেছিলেন। এছাড়াও ‘জবাকুসুম হেয়ার অয়েল’ এবং সি. কে. সেনের ‘এডওয়ার্ডস টনিক’-এর বিজ্ঞাপনী ছবি তৈরি করে তিনি ভারতে বিজ্ঞাপনী চলচ্চিত্রের জন্ম দেন। ১৯১৭ সালে এক বিধ্বংসী গুদাম অগ্নিকাণ্ডে তাঁর সমস্ত ঐতিহাসিক ফিল্ম পুড়ে ছাই হয়ে যায়, যা ভারতীয় চলচ্চিত্রের এক অপূরণীয় ক্ষতি।
জে. এফ. ম্যাডানের নেতৃত্বে ম্যাডান থিয়েটার্স বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক ভিত্তি গড়ে তোলে। ১৯১৯ সালে মুক্তি পায় প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক বাংলা ছবি ‘বিল্বমঙ্গল’ (পরিচালক রুস্তমজি ধোতিওয়ালা)। একই সময়ে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (ডি. জি.) ১৯২১ সালে নির্মাণ করেন ব্যঙ্গাত্মক সামাজিক নির্বাক ছবি ‘বিলেত ফেরত’, যা বাংলা কমেডি সিনেমার ভিত্তি স্থাপন করে।